সিরাজগঞ্জ কাওয়াকোলা ইউনিয়নে ১১৫ জেলে পরিবারের মাঝে চাল বিতরণ


সিরাজগঞ্জ প্রতিনিধি, মোঃ শাকিল হোসেন

সিরাজগঞ্জ সদর উপজেলার ৮নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে হতদরিদ্র জেলে ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

রবিবার (১৬ মার্চ) সকাল ১১টায় কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১১৫টি জেলে পরিবারের মাঝে ফেব্রুয়ারি থেকে মে—এই চার মাসের জন্য প্রতি পরিবারকে মোট ১৬০ কেজি করে চাল বিতরণ করা হয়।



চাল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ করেন ৮নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাজ্জাক ভুঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা আমজাদ হোসেন, ট্যাগ অফিসার মোঃ বদিউজ্জামাল এবং কাওয়াকোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা প্রমুখ।

এসময় প্যানেল চেয়ারম্যান রাজ্জাক ভুঁইয়া বলেন,

“নদীভিত্তিক জীবিকার সঙ্গে জড়িত জেলে পরিবারগুলো অনেক সময় আর্থিক সংকটে পড়েন। তাদের সহযোগিতার জন্য সরকার নিয়মিত খাদ্য সহায়তা প্রদান করছে। এই চাল বিতরণ কর্মসূচি জেলে পরিবারগুলোর কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।”

সহকারী মৎস্য কর্মকর্তা আমজাদ হোসেন বলেন,

“জেলেদের কল্যাণে সরকারের বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে। নিবন্ধিত জেলে পরিবারগুলো যাতে নিয়মিত এই সহায়তা পায় সে বিষয়ে আমরা তদারকি করছি।”

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে সুষ্ঠুভাবে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করেন।

মন্তব্যসমূহ