উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, সন্ধ্যায় শপথ
নতুন পাঁচজন যুক্ত হলে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টার সংখ্যা হবে ২৫ জন।
Published : 10 Nov 2024, 05:42 PM
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্যাবিনেটের পরিসর বাড়ছে। এখনই আমরা সংখ্যাটা কিংবা নাম প্রকাশ করছি না। সন্ধ্যার পরে শপথ অনুষ্ঠিত হবে।”
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি নতুন উপদেষ্টাদের শপথ পড়াবেন। ইতোমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।”
সরকারের তরফ থেকে কোনো নাম বা সংখ্যা প্রকাশ করা না হলেও বঙ্গভবনের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, নতুন পাঁচজন উপদেষ্টার শপথের আয়োজন করা হয়েছে সেখানে।
সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছনাত হুমায়ুন কবীরও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, পাঁচজন উপদেষ্টার জন্য সরকারি গাড়ি প্রস্তুত রেখেছেন তারা।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ অগাস্ট নোবেল বিজীয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়।
প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে ১৬ জন এবং দ্বিতীয় দফায় আরও চারজন উপদেষ্টা সরকারে যুক্ত হয়েছেন। নতুন পাঁচজন যুক্ত হলে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টার সংখ্যা হবে ২৫ জন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন