রাজধানী বেইলি রোডে আগুনে আহত অন্তত ১২,উদ্ধার ৬৫


রাজধানী 

----------------

রাজধানীর বেইলি রোডের একটি ছয়তলা ভবনে আগুন লেগেছে, যেখানে একাধিক রেস্তোরাঁ ও দোকান আছে।


বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইনচার্জ শাহজাহান শিকদার রাত সোয়া ১২টায় জানান, সেখানে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। ৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আগুন লাগার পর ভবনটি থেকে নামতে গিয়ে ও আগুনে ১২ জন আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।


আহতরা হলেন- বাবুর্চি দীন ইসলাম (২৮), সহকারী জুয়েল (৩০), জোবায়ের (২০), ওয়েটার আরিফ (২০), ইকবাল (৩৫), উজ্জ্বল সর্দার (২৩), রাকিব (২৫), শাকিল (২২), ওমর ফারুক (৪৩), সিজান (২৫), রাসেল (৩৫) ও ইমরান (১৪)। ভবনটিতে কাচ্চি ভাই, ইলিয়েনসহ বেশ কয়েকটি দোকান আছে।

আহত দীন ইসলাম জানিয়েছেন, তিনি সাততলা থেকে তার বেয়ে নামতে গিয়ে পড়ে গেছেন। তিনি সেই ভবনের একটি রেস্তোরাঁয় বাবুর্চি হিসেবে কাজ করেন।


ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক আলাউদ্দিন বলেন, “আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে কয়েকজনের পা ফ্র্যাকচার হতে পারে- আমরা এক্স-রে করার পর বলতে পারব।


ভবনের সপ্তম তলা থেকে আটকাপড়া ব্যক্তিদের নামিয়ে আনছেন ফায়ার সার্ভিস কর্মীরা
ভবনের সপ্তম তলা থেকে আটকাপড়া ব্যক্তিদের নামিয়ে আনছেন ফায়ার সার্ভিস কর্মীরা

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে। রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আহত বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আগুন নেভানোর পাশাপাশি ভবনে আটকা পড়া ব্যক্তিদের মই দিয়ে নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আগুন দ্বিতীয় তলায় লাগলেও তা উপরের দিকে ছড়িয়ে পড়ে। ভবনের অনেক বাসিন্দা আটকা পড়েছেন। ফায়ার সার্ভিসকর্মীরা ক্রেনের সাহায্যে সপ্তম তলা থেকে নারী ও শিশুসহ অন্তত ৩০ জনকে নামিয়ে এনেছেন। আরও বেশ কয়েকজন এখনো আটকে আছেন। তাদের নামিয়ে আনার চেষ্টা চলছে।

ভবনে থাকা বিভিন্ন দোকান ও রেস্তোরাঁর কর্মী এবং সেখানে যাওয়া ব্যক্তিরা আগুনের মুখে আটকা পড়েছেন।

মন্তব্যসমূহ